সকাল আটটায় পড়ার টেবিলে বসা। সামনে বইয়ের পাহাড়, পাশে খোলা খাতা আর ধোঁয়া ওঠা এক কাপ গরম চা। স্মার্টফোনের নোটিফিকেশনের তাড়া এড়াতে সাইলেন্ট মোডে রাখা মোবাইলটি উল্টো করে রাখা—এই দৃশ্যটি অধিকাংশ বিসিএস পরীক্ষার্থীর কাছে অত্যন্ত পরিচিত। টানা পড়ার পর যখন ঘড়ির দিকে তাকানো, দেখা গেল বেলা একটা বাজছে। টানা পাঁচ ঘণ্টা সময় কেটে গেল! কিন্তু এই মুহূর্তেই নিজেকে একটি মৌলিক প্রশ্ন করুন তো—বাস্তবে পড়া হলো ঠিক কতটুকু? এই প্রশ্নটি শুনলে অধিকাংশ বিসিএস পরীক্ষার্থী কিছুটা ইতস্তত করেন। কারণ, বই খুলে টেবিলের সামনে দীর্ঘক্ষণ বসে থাকা আর প্রকৃতপক্ষে কোনো বিষয়কে আয়ত্ত করা—এই দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। বর্তমানে বিসিএসের নিয়মিত সার্কুলার এবং পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়ার সাথে যুক্ত লক্ষাধিক পরীক্ষার্থী কঠোর প্রস্তুতি নিচ্ছেন। তবে নতুন ব্যাচে যাঁরা প্রস্তুতি শুরু করছেন, তাঁদের মধ্যে একটি সাধারণ ভুল লক্ষ্য করা যায়। অনেকে মনে করেন, ‘পরিচিত অমুক ব্যক্তি দিনে ১২ ঘণ্টা পড়ে, তাই আমাকেও সফল হতে হলে অন্তত ১০ ঘণ্টা টেবিলে পড়ে থাকতে হবে।’ কিন্তু প্রকৃত প্রশ্নটি ঘণ্টার হিসাব নিয়ে নয়; বরং প্রশ্নটি হলো আপনি কি ১০ ঘণ্টা অলসভাবে বইয়ের পাতায় চোখ বোলাবেন, নাকি প্রতিদিন মাত্র ৫ ঘণ্টা পুরোপুরি মনোযোগ দিয়ে কার্যকরভাবে শিখবেন? দিন শেষে ঘড়ির কাঁটার চেয়ে মনোযোগের গভীরতাই নির্ধারণ করে আপনার চূড়ান্ত সফলতা। প্রতিদিনের প্রস্তুতিকে নিখুঁত এবং ফলপ্রসূ করতে নিচের এই পাঁচ ঘণ্টার বিশেষ রূপরেখাটি অনুসরণ করতে পারেন।

প্রথম ঘণ্টা: নতুন কিছু শেখার উদ্দীপনা
দিনের প্রথম ঘণ্টাটি বরাদ্দ রাখুন সম্পূর্ণ নতুন কোনো অধ্যায় বা বিষয়ের জন্য। বাংলা ব্যাকরণ, ইংরেজি সাহিত্য, গণিত কিংবা আন্তর্জাতিক বিষয়াবলি—যেকোনো একটি বিষয় বেছে নিন। তবে সতর্ক থাকবেন যেন একই দিনে একাধিক বিষয়ের জটলা পাকিয়ে ফেলেন না। লক্ষ্য হতে হবে একদম সুনির্দিষ্ট। যেমন—আজ শুধু সংবিধানের নির্দিষ্ট কিছু অনুচ্ছেদ আত্মস্থ করবেন। পড়ার লক্ষ্য যত স্পষ্ট এবং সুসংজ্ঞায়িত হবে, মস্তিষ্কের জন্য সেই তথ্য গ্রহণ করা ততটাই সহজ হবে।

দ্বিতীয় ঘণ্টা: বই বন্ধ করে স্মৃতির পরীক্ষা
এটি পুরো প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৈজ্ঞানিক অংশ। এক ঘণ্টা নতুন বিষয় পড়ার পরপরই বইটা বন্ধ করে ফেলুন। এবার নিজেকে পরীক্ষা করার পালা—ঠিক কী শিখলেন? গুরুত্বপূর্ণ সাল, সংজ্ঞা বা উপাত্তগুলো না দেখে খাতায় লিখতে পারছেন কি? শিক্ষাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘সক্রিয় স্মরণ অনুশীলন’ বা ‘অ্যাকটিভ রিকল’ (Active Recall)। আমরা সাধারণত মনে করি, বারবার বইয়ের পাতায় চোখ বোলালেই পড়া মনে থাকে। কিন্তু আধুনিক গবেষণা বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রের পারডিউ ও ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকদের এক যৌথ গবেষণা অনুযায়ী (সায়েন্স জার্নাল, ২০০৮), সাধারণ নিয়মে বারবার বই পড়ার চেয়ে বই বন্ধ করে স্মৃতি থেকে তথ্য অন্বেষণ করার অনুশীলনে পড়া মনে রাখার হার প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। তাই পড়া শেষে বই খোলা রেখে রিভিশন না দিয়ে, নিজেকে প্রশ্ন করে স্মৃতির গভীরে উত্তর খুঁজে বের করার অনুশীলন করুন।

তৃতীয় ঘণ্টা: বিগত বছরের প্রশ্নের মুখোমুখি হওয়া
বিসিএস কেবল জ্ঞান অর্জনের পরীক্ষা নয়, এটি প্রশ্ন চেনার কৌশলেরও পরীক্ষা। এই এক ঘণ্টায় সংশ্লিষ্ট বিষয়ের বিগত বছরের প্রশ্ন সমাধান করুন। ভারতের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) ২০২৪ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হওয়া শক্তি দুবেও তাঁর সাফল্যের পেছনে আগের বছরের প্রশ্ন সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রশ্নপত্র পরীক্ষার ধরন বুঝতে এবং প্রস্তুতির মান যাচাই করতে সাহায্য করে। তাঁর অভিজ্ঞতার সবচেয়ে বড় শিক্ষা হলো—প্রস্তুতিতে কোনো শর্টকাট নেই, বরং প্রয়োজন নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা।

চতুর্থ ঘণ্টা: নিজের দুর্বলতার সঙ্গে মোকাবিলা
পরীক্ষায় প্রশ্ন সমাধান করতে গিয়ে যেগুলোতে ভুল হলো, সেগুলো এবার লাল কালিতে চিহ্নিত করুন। গণিতে কি সময় বেশি লাগছে, নাকি সাধারণ জ্ঞানের সালগুলো গুলিয়ে যাচ্ছে? এই ঘণ্টাটি নতুন কিছু পড়ার জন্য নয়, বরং নিজের পুরোনো ভুলগুলো শুধরে নেওয়ার সময়। মনে রাখবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার খাতায় অন্য প্রার্থীরা যা পারে, আপনিও তা-ই পারবেন; কিন্তু জয়ী হবেন তখনই, যখন নিজের দুর্বল জায়গাগুলোকে শক্তিতে রূপান্তর করতে পারবেন।

পঞ্চম ঘণ্টা: দিনের পড়া ঝালিয়ে নেওয়া
দিনের শেষ ঘণ্টাটি হবে পুরো দিনের পড়ার সারসংক্ষেপ বা রিভিশন। সকাল থেকে যা যা পড়লেন, তা একনজর দেখে নিন এবং ভুল প্রশ্নগুলো আরও একবার চর্চা করুন। দিন শেষে রাতে ঘুমানোর আগে নিজের কাছে তিনটি সহজ হিসাব দিন—আজ নতুন কী শিখলাম? কোথায় ভুল করলাম? আর আগামীকাল কোন বিষয়ের প্রস্তুতি শুরু করব? এই তিন প্রশ্নের স্পষ্ট উত্তর থাকলে আপনার বিসিএস প্রস্তুতি আর কখনো এলোমেলো হবে না।

পাঁচ ঘণ্টা কোনো জাদুর সংখ্যা নয়
এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। প্রতিদিন পাঁচ ঘণ্টা পড়লেই বিসিএস হবে—এমন কোনো গাণিতিক নিশ্চয়তা বা গবেষণা নেই। কারও জন্য পাঁচ ঘণ্টা যথেষ্ট হতে পারে, আবার কারও আরও বেশি সময় লাগতে পারে। আসল বিষয় হলো সময়কে সঠিকভাবে কাজে লাগানো। ১০ ঘণ্টা পড়েও যদি প্রতি আধঘণ্টায় একবার করে মোবাইল চেক করা হয়, তবে সেই ১০ ঘণ্টার হিসাব নিয়ে প্রশ্ন থাকবেই। কিন্তু পাঁচ ঘণ্টা যদি সত্যিকারের একাগ্রতার সাথে পড়া হয়, তবে তার ফলাফল হবে ভিন্ন। বিসিএসের প্রস্তুতিতে তাই প্রশ্ন হওয়া উচিত—'আজ কত ঘণ্টা পড়লাম' তা নয়; বরং 'আজ যে সময়টুকু পড়লাম, তার কতটা আমার মস্তিষ্কে স্থায়ী হলো?'

তথ্যসূত্র: সায়েন্স ডট ওআরজি