নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার এক শোকবার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির শোকসন্তপ্ত জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘নেপালে আকস্মিক ও ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই অপূরণীয় ক্ষতি বহন করতে হচ্ছে যেসব পরিবার ও মানুষকে, তাঁদের প্রতি আমাদের গভীর সহমর্মিতা, চিন্তা ও প্রার্থনা রয়েছে।’

প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে বাংলাদেশ সবসময় নেপালের পাশে রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, দুর্যোগের এই চরম সংকটময় মুহূর্তে নেপালকে যেকোনো ধরনের প্রয়োজনীয় মানবিক ও জরুরি সহায়তা প্রদান করতে বাংলাদেশ সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী বন্যায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সংহতি ও সহমর্মিতা প্রকাশ করেন। এই শোকের সময়ে দুই দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।