নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং জানমালের অপূরণীয় ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। একইসাথে এই চরম দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেপালে প্রকৃতির এই তাণ্ডবে সৃষ্ট ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নেপালের বর্তমান ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি বাংলাদেশ সরকার অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রবল বন্যায় শত শত মানুষ নিখোঁজ হয়ে গেছেন এবং পর্যটকসহ আরও অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও সাধারণ জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুপ্রতীক জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার, যথাযথ চিকিৎসা এবং দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসার কামনা করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিহতদের জন্য আমরা গভীর সমবেদনা জানাই। নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’ নেপালের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং পুনর্বাসন কার্যক্রমে কাঠমান্ডুকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে ঢাকা প্রস্তুত রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা প্রদান করতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’ (বাসস)















