আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের দাওয়াহ কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘দাঈ’ পদে মোট সাতজন যোগ্য পুরুষ প্রার্থী নিয়োগ দিতে যাচ্ছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত প্রক্রিয়ায় অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে দেশের যেকোনো প্রান্ত। এই পদের চাকরির ধরন পূর্ণকালীন এবং মাসিক বেতন ১৮,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। প্রার্থীর বয়সসীমা নির্দিষ্ট করা হয়নি।

আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে তাকমিল, কামিল অথবা ইসলামিক স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে। একাডেমিক যোগ্যতার পাশাপাশি ইসলামি জ্ঞান এবং দাওয়াহ কার্যক্রম সম্পর্কে প্রার্থীর স্পষ্ট ও গভীর ধারণা থাকা আবশ্যক। বর্তমান যুগের চাহিদার কথা মাথায় রেখে প্রযুক্তিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে এমএস অফিস, গুগল ওয়ার্কস্পেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহ সমসাময়িক বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে প্রার্থীর প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন।

যোগ্যতার পাশাপাশি দাওয়াহ কার্যক্রমকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করার মানসিকতা এবং চমৎকার যোগাযোগ দক্ষতা থাকা বাধ্যতামূলক। দেশের বিভিন্ন প্রান্তে মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রয়োজনে আবাসিকভাবে অবস্থান করে দায়িত্ব পালনের শারীরিক ও মানসিক সক্ষমতা থাকা প্রয়োজন। এছাড়া বাস্তবভিত্তিক দাওয়াহ কার্যক্রমে পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন ছাড়াও প্রতিষ্ঠানটি নিয়োগপ্রাপ্তদের জন্য থাকা-খাওয়ার সুব্যবস্থা, বছরে দুটি ঈদ বোনাস এবং প্রতি বছর বেতন বৃদ্ধির সুযোগ প্রদান করবে। বিস্তারিত জানতে এবং আবেদন করতে আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করার অনুরোধ জানানো হয়েছে।