অ্যাস্ট্রা এয়ারওয়েজে ট্রেইনি ফার্স্ট অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বেসরকারি বিমান সংস্থা অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড তাদের ফ্লাইট অপারেশনস বিভাগে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'ট্রেইনি ফার্স্ট অফিসার' পদে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদন আহ্বান করেছে। যারা বিমান চালনা পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহী এবং নির্ধারিত সকল যোগ্যতা সম্পন্ন, তারা এই সুযোগটি গ্রহণ করতে পারেন।
আবেদন প্রক্রিয়ার বিস্তারিত এবং প্রয়োজনীয় যোগ্যতার বিবরণ নিচে তুলে ধরা হলো:
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে ন্যূনতম এইচএসসি, এ লেভেল বা সমমানের শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। বিশেষ করে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এছাড়া পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে অবশ্যই কমপক্ষে ‘এ-’ গ্রেড থাকতে হবে। যারা এ লেভেল সম্পন্ন করেছেন, তাদের ক্ষেত্রে ক্যামব্রিজ পরীক্ষাব্যবস্থায় পদার্থবিজ্ঞান ও গণিতে ন্যূনতম ‘সি’ গ্রেড অথবা এডেক্সেল পরীক্ষাব্যবস্থায় কমপক্ষে গ্রেড ৬ থাকা বাধ্যতামূলক। ও লেভেলের ক্ষেত্রে ক্যামব্রিজ সিস্টেমে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড অথবা এডেক্সেল সিস্টেমে কমপক্ষে গ্রেড ৭ থাকতে হবে। উল্লেখ্য যে, জিইডি (GED) সার্টিফিকেট এই পদের জন্য গ্রহণযোগ্য হবে না।
পেশাদার লাইসেন্স ও দক্ষতা:
প্রার্থীর অবশ্যই ইন্সট্রুমেন্ট রেটিংসহ (IR) একটি বৈধ সিপিএল (CPL) লাইসেন্স থাকতে হবে। এছাড়া সিমুলেটর প্রশিক্ষণে অংশগ্রহণের পূর্বেই প্রার্থীকে এটিপিএল (ATPL)-এর সকল বিষয়ে সফলভাবে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতার ক্ষেত্রে ন্যূনতম লেভেল ৪ অর্জন করা আবশ্যক।
শারীরিক ও চিকিৎসাগত যোগ্যতা:
প্রার্থীদের শারীরিক মাপকাঠির বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নারী ও পুরুষ উভয় আবেদনকারীর উচ্চতা ন্যূনতম ১৬০.০২ সেন্টিমিটার বা ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে। বডি মাস ইনডেক্স বা বিএমআই (BMI) অবশ্যই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে। দৃষ্টিশক্তির ক্ষেত্রে সংশোধনসহ ৬/৬ দৃষ্টিশক্তি থাকা বাধ্যতামূলক। এছাড়া লাইন ট্রেনিং শুরু করার আগে প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে। চিকিৎসাগত যোগ্যতার জন্য সিএএবি (CAAB) কর্তৃক প্রদত্ত বৈধ ক্লাস-১ মেডিকেল সনদপত্র থাকা প্রয়োজন।
বয়সসীমা ও অন্যান্য শর্তাবলি:
সিপিএল লাইসেন্সধারীদের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে। তবে সামরিক পাইলটদের ক্ষেত্রে এই বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজনে বয়সসীমা আরও শিথিল করার সুযোগ রাখা হয়েছে। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার পেশাগত জীবনে নিজের কারণে সংঘটিত কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার রেকর্ড থাকা যাবে না।
আবেদন পদ্ধতি ও সময়সীমা:
আগ্রহী প্রার্থীদের অ্যাস্ট্রা এয়ারওয়েজের অফিসিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার সেকশনে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য নির্ধারিত লিংকটি হলো: https://airastra.com/career/flight_operation_fo। আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।
বেস স্টেশন হিসেবে ঢাকা নির্ধারিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।











