রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে খণ্ডকালীন ‘চিকিৎসক’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ‘কাজ নেই সম্মানি নেই’ ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনের শেষ তারিখ আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬।
নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি অনুযায়ী, পদের সংখ্যা ১টি। আবেদনকারীর বয়স ১৭ আগস্ট ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬২ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে এবং বিএমডিসি কর্তৃক মেডিক্যাল প্র্যাকটিশনার হিসেবে নিবন্ধিত হতে হবে। বিশেষ শর্ত হিসেবে, শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বেতন ও সম্মানি হিসেবে নির্বাচিত চিকিৎসক দৈনিক ২ হাজার ৬০০ টাকা পাবেন। এই নিয়োগটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রদান করা হবে। চুক্তির মেয়াদ অনুযায়ী, যেকোনো পক্ষ ১৫ দিনের আগাম নোটিশ প্রদান করে অথবা ১৫ দিনের সম্মানীর সমপরিমাণ অর্থ প্রদান বা সমর্পণ সাপেক্ষে এই নিয়োগ বাতিল করতে পারবে।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনের ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০। এছাড়া ই-মেইল gm.hrd@bb.org.bd ঠিকানায় আবেদন করা যাবে। আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।











