দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গ্ল্যামার দিয়ে প্রায়ই ভক্তদের মুগ্ধ করেন। এবার তিনি ভক্তদের সরাসরি জানালেন কফি খাওয়ার আমন্ত্রণ! তবে জুড়ে দিলেন মজার শর্ত— কফির বিলটা দিতে হবে ভক্তকেই! বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে কফি হাতে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে এই আমন্ত্রণ জানান তিনি।

ছবিগুলোতে সাদা রঙের ক্যাজুয়াল পোশাকে নজরকাড়া লুকে ধরা দিয়েছেন জয়া। সাজে সরলতা থাকলেও গ্ল্যামারের কোনো কমতি ছিল না। কখনো মৃদু হেসে কফির কাপ ঠোঁটের কাছে নিচ্ছেন, কখনো মিষ্টি চোখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে; এভাবেই দিয়েছেন নানা পোজ। এমন সুন্দর মুহূর্তের সঙ্গী হতে কে না চাইবে! সেই ভাবনা থেকেই হয়তো ভক্তদের নিমন্ত্রণ জানালেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’ তাঁর এই খুনসুটিপূর্ণ পোস্ট মুহূর্তেই ভক্তদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। রসবোধে ভরা আমন্ত্রণে অনুরাগীরাও মেতে উঠেছেন মজার মন্তব্যে। অনেকেই লিখেছেন, প্রিয় অভিনেত্রীর সঙ্গে কফি খাওয়ার সুযোগ পেলে বিল দিতে তাদের কোনো আপত্তি নেই।

সব মিলিয়ে পোস্টটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা, আর এই সরল আমন্ত্রণের জন্য অভিনেত্রীর প্রশংসা করছেন অনেকে। উল্লেখ্য, জয়া আহসান একমাত্র বাংলাদেশি অভিনয়শিল্পী যিনি তিনবার ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার পুরস্কার (ইস্ট) জয় করেছেন। এছাড়া অভিনয়ে অনবদ্য অবদানের জন্য বাংলাদেশে ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৭টি মেরিল প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন তিনি।