দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ৬ বছরের শিশুকন্যাকে রেখে অন্য যুবকের সঙ্গে চলে গেছেন স্ত্রী। যাওয়ার সময় তিনি তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও দুঃখে সৌদি আরবে দুধ দিয়ে গোসল করেছেন জামালপুরের প্রবাসী স্বামী আজিজ আকন্দ। ফেসবুক লাইভে এসে তিনি দুধ দিয়ে গোসল করেন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে আজিজ আকন্দকে বলতে শোনা যায়, বিশ্বাস করে স্ত্রীকে রেখে গিয়েছিলাম, ফুটফুটে শিশুকন্যাকে রেখে সে অন্যের হাত ধরে চলে গেছে, আমি কাবাঘরে গিয়ে আল্লাহর কাছে বিচার দেব। খোঁজ নিয়ে জানা গেছে, আজিজ আকন্দ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোপালপুর এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে প্রায় চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। প্রায় নয় বছর আগে সান্ত্বনা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে ছয় বছরের একটি মেয়ে রয়েছে। আজিজের অভিযোগ, গত বুধবার বিকেলে শিশুকন্যাকে রেখে অন্য এক যুবকের সঙ্গে চলে গেছেন তার স্ত্রী। এ সময় তিনি নগদ তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান। ভিডিওতে আজিজকে আরও বলতে শোনা যায়, নারীর মায়া, বিশ্বাস করে রেখে গেছিলাম, ৯ বছরের সংসার ভেঙে ৬ বছরের ফুটফুটে শিশুকন্যাকে রেখে চলে গেছে অন্যের হাত ধরে।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আজিজের পরিবারের সদস্যরা। অভিযোগের বিষয়ে জানতে সান্ত্বনা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তার পরিবারের বক্তব্য জানতে বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম বলেন, প্রবাসী আজিজ আকন্দের পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।