ভক্তদের ভোটে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে প্রথমবারের মতো আয়োজিত বিওএটি (বেস্ট অব অল টাইম ব্যালন ডি’অর) পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম বেছে নিতে এ বছরই এই বিশেষ পুরস্কার চালু করা হয়। ভোটে শীর্ষস্থান পেয়েছে রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর জয়ী মৌসুম। দ্বিতীয় হয়েছে মেসির ২০১২ সালের ঐতিহাসিক মৌসুম।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে ২০০৮ সালে ক্যারিয়ারে প্রথমবার ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো। ওই মৌসুমে ৪২টি গোল করার পাশাপাশি দলকে প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন এই পর্তুগিজ মহাতারকা। সেটিই ছিল তার পাঁচটি ব্যালন ডি’অরের মধ্যে প্রথমটি।
বিওএটি পুরস্কারের ভোটগ্রহণ শুরু হয়েছিল গত ১ অক্টোবর এবং শেষ হয় ২৭ অক্টোবর। এর মাত্র এক দিন আগে লন্ডনে জমকালো অনুষ্ঠানে ২০২৬ সালের পুরুষ ও নারী বিভাগে ব্যালন ডি’অর জেতেন হ্যারি কেইন ও অ্যালেক্সিয়া পুতেয়াস।
এই ভোটে অংশ নিতে প্রতিবার ভক্তদের এক ইউরো করে দিতে হয়েছে। একজন চাইলে একাধিকবারও ভোট দিতে পেরেছেন। অর্থের বিনিময়ে ভোট দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীরা ব্যালন ডি’অরের প্রথম ট্রফির একটি ছবি উপহার পেয়েছেন। পাশাপাশি ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার লটারিতে অংশ নেওয়ার সুযোগও পেয়েছেন তারা।
এবারের ভোটে পুরোপুরি আধিপত্য ছিল মেসি ও রোনালদোর। এই দুই সুপারস্টারের বিভিন্ন ব্যালন ডি’অরজয়ী মৌসুমই প্রথম ১২টি স্থানের সবগুলো দখল করে নিয়েছে।


















