মো: আল-মাহফুজ শাওন, খুলনা
খুলনায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিরসনে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। আজ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নির্ধারিত নো-পার্কিং জোনে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সড়কের ওপর যানবাহন রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং যানজটের কারণ হওয়ায় কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে পার্কিং করা গাড়িগুলো রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া ও নগদ জরিমানা আদায়ের নির্দেশ দেন।
এ অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সর্বাত্মক সহযোগিতা করে।
কেসিসি জানিয়েছে, হাসপাতালের সামনের সড়ক যানজটমুক্ত রাখা, রোগীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















