ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫০ ভোট। ফলে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছেন। এই উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোট শেষে একে একে কেন্দ্রগুলো থেকে ফলাফল আসতে শুরু করে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনের সদর, রুহিয়া ও ভুল্লী এলাকায় মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

















