আলোকস্বল্পতায় দিনের খেলা আগেভাগে শেষ হওয়ায় ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হলো সাদমান ইসলামকে। মাত্র এক রানের জন্য সেঞ্চুরির দেখা না পাওয়ায় মাঠ ছাড়ার সময় মুচকি হেসে মাথা নাড়ছিলেন এই ওপেনার।
সাদমানের সেঞ্চুরির অপেক্ষা বাড়লেও ঢাকা টেস্টের প্রথম দিনটা ভালোই কেটেছে বাংলাদেশের। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২১৩ রান। সাদমানের সঙ্গে ৭ রানে অপরাজিত আছেন লিটন দাস। শুরুতে ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেডন সিলস ও শামার জোসেফের দারুণ গতি ও নিখুঁত লাইন-লেংথের সামনে কঠিন পরীক্ষা দিতে হয় সাদমানকে। ওপেনিং সঙ্গী তানজিদ হাসান তামিমের পর সাজঘরে ফেরেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে মুমিনুল ও শান্ত বাজে শট খেলে আউট হন।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মাঝেও এক প্রান্ত আগলে ঠান্ডা মাথায় ব্যাট চালান সাদমান। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে প্রতিরোধ গড়ে স্কোরবোর্ড ভারী করতে থাকেন তিনি। ৪২ রান করা হৃদয় চোট নিয়ে মাঠ ছাড়লে কিছুটা ছন্দপতন হয়। তবু দমে না গিয়ে ক্রিজে আসা লিটনকে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান।



















