টাঙ্গাইল শহরের বড় কালীবাড়ি মার্কেটের চতুর্থ তলার ছাদ থেকে ছয় বছর বয়সী এক শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর শ্বাসরোধে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিপ্লব হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন শিশুটির মা।
শুক্রবার ৩০ অক্টোবর দুপুরে স্থানীয়রা শিশুটিকে ওই মার্কেটের চতুর্থ তলার ছাদে পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির মা রাত্রি জানান, তিনি মাহমুদুল হাসান মার্কেটের দ্বিতীয় তলায় ঐশ্বর্য বিউটি পার্লারে কাজ করেন। শুক্রবার দুপুরে খাবার খেতে বাইরে যাওয়ার সময় মেয়েকে পার্লারে রেখে যান তিনি। এ সময় বিপ্লব চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে বাইরে নিয়ে যান। এরপর থেকে মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
তিনি আরও জানান, প্রায় এক ঘণ্টা পর বিপ্লব হোসেন আবার পার্লারে ফিরে আসেন এবং শিশুটিকে খোঁজার ভান করেন। বিপ্লব পাশের শামীম পিঠাঘরে থাকতেন এবং মাঝেমধ্যে তাকে খাবার দিতেন বলেও জানান তিনি।
কিছুক্ষণ পর এক রিকশাচালক এসে জানান, তার মেয়ে বড় কালীবাড়ি মার্কেটের চতুর্থ তলার ছাদে পড়ে আছে। এ খবর শুনেই বিপ্লব দৌড়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন মা রাত্রি। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত বিপ্লব হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচার দাবি করেছেন তিনি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক জানান, শিশুটির নাক-মুখে ইট দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে তার নাকের হাড় ভেঙে গেছে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, শিশুটির শরীরে যৌন নির্যাতনের আলামতও পাওয়া গেছে। শারীরিক অবস্থার জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হতে পারে।
এদিকে শিশুটির মা টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।















