নোয়াখালীর হাতিয়ায় হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ সময় পুলিশ সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিনকে ধরতে হাতিয়া থানা পুলিশ অভিযান চালায়। তিনি সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানুল্লাহ এলাকার মৃত সাঈদুল হকের ছেলে। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পরপরই তার স্বজনরা ঘটনাস্থলে জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যান। পরে নিজাম উদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যের সংখ্যা কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পুলিশ সদস্যদের মারধর করা হয় বলেও দাবি করেন তারা। স্থানীয় এক ব্যবসায়ী জানান, ঘটনার পর বাজারে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বাজারের লোকজনকে সেখান থেকে চলে যেতে বললে এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তার স্বজন ও উৎসুক লোকজন পুলিশকে ঘিরে ফেলেন। এই সুযোগে তিনি পালিয়ে যান। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সরকারি কাজে বাধা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















