বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন। এদিন দুপুর সোয়া দুইটার দিকে দীপকে আদালতে হাজির করা হয়।

সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, নিহত সাউরি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন এবং তুরাগ থানার আঠারো নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত সাতাশ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ছয়টায় আসামি দীপ তাকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন আঠাশ অক্টোবর বিকেল সাড়ে চারটায় জাতীয় জরুরি সেবা নম্বরের মাধ্যমে পুলিশ জানতে পারে উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি অজ্ঞাত মরদেহ ভাসছে।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঘটনার দিন সাউরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন আসামি দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেন নিহত সাউরি তার সিনিয়র বড় ভাই ছিলেন। প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডে দীপের সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ মিলেছে। তদন্তের স্বার্থে এবং আসামি জামিনে বের হয়ে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন এমন আশঙ্কায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।