ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফখরুল ইসলাম রকি (২৯) নামে এক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ফখরুল ইসলাম রকি ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জামুয়া এলাকার গনি চৌকিদার বাড়ির সামছুল হকের ছেলে।
ডিএনসি ফেনী কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফেনীর পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে
একটি অভিযানিক দল কালিরহাট বাজারের চন্দনবিয়া রাস্তার মাথায় শাহজাহানের চায়ের দোকানের সামনে সড়কে অভিযান চালায়। এ সময় ফখরুল ইসলাম রকির কাছ থেকে তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিএনসি ফেনীর পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ডিএনসি ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।




















