এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা আগামী ডিসেম্বর মাসেই নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। শনিবার ৩১ অক্টোবর এশিয়া পোস্টকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিসেম্বর মাসে পরীক্ষা নিয়ে একই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে। এ পরীক্ষার বিস্তারিত জানিয়ে আগামী ৩ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। ঘোষিত ফল অনুযায়ী ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ ও রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ।
এছাড়া মাদ্রাসা বোর্ডে পাস করেছেন ৬১ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী। প্রকাশিত ফলে দেখা গেছে, দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি, অর্থাৎ এসব প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এর মধ্যে শুধু ইংরেজি ও আইসিটি বিষয়ে ফেল করেছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন। বিশ্লেষণে দেখা যায়, ইংরেজিতে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ফেল করেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন। গত ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।



















