পুলিশের নজর এড়াতে ধানখেতে আশ্রয় নিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)। তবে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রেহাই পাননি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানখেতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার।

গ্রেফতার মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়া গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে এলাকায় তিনি পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে সীমান্তবর্তী এলাকার একটি ধানখেতে আত্মগোপন করেছিলেন মজনু সরকার। পরে গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ধানখেত থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ বিষয়ে ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানখেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরের মধ্যে তাকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। তবে কোন মামলায় মজনুকে গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।