বছরের শেষ দিকে বাংলাদেশে বসত তারার মেলা, কিন্তু এবার সেই মেলা দেখার সুযোগ পাচ্ছেন না ক্রিকেটপ্রেমীরা। কারণ যাকে ঘিরে এই আয়োজন, সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগই (বিপিএল) এবার হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে, এ বছর ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্ট আয়োজন করা হবে না।
বিপিএল না হওয়ার সিদ্ধান্তের পর থেকেই চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সেই বিতর্কে এবার যোগ দিলেন বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবর। বর্তমান কমিটির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, তামিম ইকবালের নেতৃত্বাধীন এই বোর্ডের বিপিএল আয়োজনের সক্ষমতাই নেই। আজ রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিজেদের সময়ের উদাহরণ টেনে সাবেক এই পরিচালক বলেন, ‘আমরা দেড় মাস বিসিবির দায়িত্ব নিয়েই বিপিএল আয়োজন করেছি। তাহলে এখন বিপিএল হবে না কেন? কারণ, তারা সক্ষম না।’ বিসিবিকে তিনি আড্ডাখানা বলে মন্তব্য করেন। সংগীতশিল্পী আসিফ বলেন, ‘তারা এখানে আড্ডার জায়গা বানিয়েছে।
বিসিবি হয়ে গেছে আড্ডার স্থল। আমরা আইন করে দিয়ে এসেছিলাম, পাঁচ লাখ টাকার বেশি উত্তোলন করতে হলে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অথচ বর্তমানে কোটি কোটি টাকা টেন্ডার প্রক্রিয়ার বাইরে ব্যবহার করা হচ্ছে। টাইগার ডেন বানানো হচ্ছে, ফ্যান লাগানো হচ্ছে, কিন্তু মূল খেলার খবর নেই।’ উল্লেখ্য, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান ছিলেন আসিফ। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ওই পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি করে তামিমকে। পরে নির্বাচনের মাধ্যমে সভাপতি হন সাবেক ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল।




















