গাজীপুরের কালিয়াকৈরে চলমান পোশাকশ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের অনুপ্রবেশ ও অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার ২ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অতি জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ভাড়াটিয়া নিজ পরিবারের সদস্য ছাড়া অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে বাসায় আশ্রয় দিলে অথবা কোনো অপরাধী চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে তা দ্রুত কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে। এ ব্যাপারে বাড়ির মালিকদের কঠোর সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তথ্য গোপন রাখার কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট বাড়ির মালিককেই বহন করতে হবে। এ বিষয়ে ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের সুযোগে বহিরাগত কোনো গোষ্ঠী যাতে এলাকায় প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ত্রিশ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে।