তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য মিলেছে। তাঁর সঙ্গে থাকা কথিত ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জিজ্ঞাসাবাদে এ তথ্য জানান।

দীপের দাবি, ঘটনার দিন তাঁরা দুজন রাজাবাড়ী ঘাট এলাকায় কথা বলছিলেন। এ সময় কয়েকজন লোক তাঁদের ধাওয়া করলে প্রাণ বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আর তিনি সেখান থেকে পালিয়ে যান। তবে তদন্ত কর্মকর্তারা শুরু থেকেই দীপকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করছেন। গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়। এদিকে মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাঁর ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল জানান, দীপের দেওয়া বক্তব্য ও উদ্ধার হওয়া মোটরসাইকেলের বিষয়ে গভীরভাবে যাচাই-বাছাই চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পিবিআই নৌ পুলিশকে সার্বিক সহায়তা দিচ্ছে। এর আগে গত বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তাঁর বাবা।