নোয়াখালীর সঙ্গে পারিবারিক শিকড়ের বন্ধন, আর সেই বাংলাদেশের বিপক্ষেই ব্যাট হাতে দাপট দেখালেন ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গু। সিলেট টেস্টের প্রথম দিনে সকালে মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে দারুণভাবে টেনে তুলেছেন তিনি। অভিষিক্ত কেভিন উইকহামের সঙ্গে মিলে গড়েছেন ১৩১ রানের মূল্যবান জুটি। এরপর জাস্টিন গ্রিভসকে নিয়ে যোগ করেছেন আরও ৭৭ রান। দিন শেষে জাঙ্গু অপরাজিত রয়েছেন ১১১ রানে। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
৭০ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ২৩৫ রান। জাঙ্গুর সঙ্গে বাংলাদেশের রয়েছে বিশেষ যোগসূত্র। তার জন্ম ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদে হলেও মা সুলতানা জাঙ্গুর বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ছোবহানপুর গ্রামে। ফলে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামলেই সামনে আসে তার পারিবারিক শিকড়ের প্রসঙ্গ। তবে আজকের সকালটা ছিল বাংলাদেশের বোলারদের। টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই প্রবল চাপে ফেলে দেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। দুজনের দুর্দান্ত বোলিংয়ে ২৭ রানের মধ্যেই ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভা ও কাভেম হজের উইকেট হারায় ক্যারিবীয়রা। এবারের বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ এমনিতেই বেশ দুর্বল। বিশ্রামে রয়েছেন ফর্মের তুঙ্গে থাকা শাই হোপ। ভাইরাল জ্বরের কারণে সিলেট টেস্টে খেলতে পারছেন না মিরপুর টেস্টে দারুণ ব্যাটিং করা জন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল। এমন কঠিন পরিস্থিতিতে দলের ব্যাটিংয়ের হাল ধরতে হয় আমির জাঙ্গুকেই। অভিষিক্ত কেভিন উইকহামকে নিয়ে তিনি গড়ে তোলেন শক্ত প্রতিরোধ। দুজনের ব্যাটে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। উইকহাম ১৪৫ বলে ৬১ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। অন্যদিকে জাঙ্গু ছিলেন তুলনামূলক আক্রমণাত্মক।
চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেন ১৩১ রান। শেষ পর্যন্ত উইকহামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। তবু বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরেনি। জাঙ্গুর সঙ্গে যোগ দেন জাস্টিন গ্রিভস। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটিতে দিন শেষ করে সফরকারীরা। এই জুটি গড়ার পথেই সেঞ্চুরি পূরণ করেন জাঙ্গু। তাইজুল ইসলামের বলে ছক্কা হাঁকিয়ে ১৪৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান ২৯ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। টেস্ট ক্রিকেটে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ২৩৩ রানের অসাধারণ ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে জাঙ্গুর প্রথম সেঞ্চুরিটিও এসেছিল বাংলাদেশের বিপক্ষেই। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়ানডে অভিষেকে তিনি অপরাজিত ছিলেন ১০৪ রানে। এবার টেস্টেও বাংলাদেশের বিপক্ষে শতকের দেখা পেলেন তিনি। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে অবশ্য কোনো রান করতে পারেননি জাঙ্গু। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের প্রয়োজন হয়নি। সিলেটে যেন মিরপুরের সেই ব্যর্থতার জবাব দিলেন ব্যাট হাতেই। আলোকস্বল্পতার কারণে আজ ২০ ওভার কম খেলা হয়েছে। দিনের পুরো খেলা হলে বাংলাদেশের বোলারদের আরও কতটা ভোগাতেন জাঙ্গু, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আগামীকাল দ্বিতীয় দিনের সকালে বোলারদের প্রথম লক্ষ্য হবে জাঙ্গুকে দ্রুত ফেরানো। তা না হলে বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্যাটার বাংলাদেশকে আরও ভোগাবেন, তা না বললেও চলে।




















