ফোরকান উদ্দিন রোমান
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের জামাইকার হালাল ডিনার রেস্টুরেন্টে গত ২ নভেম্বর সন্ধ্যায় মাধবপুর ও চুনারুঘাট উপজেলার প্রবাসীদের সঙ্গে চারবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা সৈয়দ মোঃ শাহজাহানের এক অনাড়ম্বর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দ মোশাররফ হোসেন ও মতিউর রহমান চৌধুরী কায়েসের উদ্যোগে আয়োজিত এ সভায় পবিত্র কোরআন তিলাওয়াত ও অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দ মোশাররফ হোসেন ।
উক্ত মতবিনিময় সভায় মাধবপুর ও চুনারুঘাটের মান্যগণ্য প্রবাসীরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত দাবি তুলে ধরেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় রাস্তাঘাট সংস্কার ও মেরামত, বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা পূরণ, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসাসেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়।
সভায় উপস্থিত প্রবাসীদের বক্তব্য অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সঙ্গে শোনেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। তিনি উত্থাপিত সমস্যাগুলো নোট করেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
আয়োজকদের আন্তরিকতায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভাটি সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত প্রায় ১১টা পর্যন্ত চলে। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সভায় অংশগ্রহণকারী প্রবাসীরা এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ তৈরি করায় আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।


















