খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার একটি চায়ের দোকানে বসা অবস্থায় তাকে গুলি করা হয়।
নিহত তরিকুল পেশায় মাছের ঘের ব্যবসায়ী ছিলেন। তিনি ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে। ডুমুরিয়া থানার সেকেন্ড অফিসার এসআই রজব কুমার মন্ডল এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে তরিকুল ইসলাম শেখ স্থানীয় থুকড়া বাজারের রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় খুলনা মহানগরীর দৌলতপুরের দিক থেকে দুটি মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা চায়ের দোকানের সামনে পৌঁছায়। মুহূর্তের মধ্যেই তারা তরিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে দুটি গুলি তার বুকে বিদ্ধ হয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তরিকুল ইসলাম শেখের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ বিষয়ে ডুমুরিয়া থানার এসআই রজব কুমার মন্ডল বলেন, দুর্বৃত্তরা তরিকুলকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে থানার ওসি এম এ হকসহ ডুমুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে কারা ও কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা প্রাথমিকভাবে বলা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে খুলনা জেলা পুলিশের এএসপি বি-সার্কেল খায়রুল আনাম বলেন, আমরা হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছি। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।















