প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নারায়ণগঞ্জ মহানগর শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মৃতার নাম বিলকিস আমিন (৭০)। তিনি ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, বিলকিস আমিন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বুধবার সকাল ৮টার দিকে নিজ বাসায় তিনি মারা যান। ছেলে হাবিবের জন্য অপেক্ষা করতে পরিবার রাতে জানাজার সিদ্ধান্ত নেয়। পরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় শরিক হন তিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, জানাজার সময় থানা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ছিল। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস বলেন, মায়ের জানাজায় উপস্থিত হতে বিকেল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাবিবকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।
















