জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে নাগোয়া শহরে অবস্থিত বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তিনি কারখানাটি পরিদর্শনে যান। এ সময় তিনি টয়োটার উৎপাদিত প্রথম প্রাইভেট কারটি গভীর আগ্রহ নিয়ে পরিদর্শন করেন। কারখানায় পৌঁছানোর পর টয়োটার ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ঐতিহাসিক গাড়িটিতে ওঠার আমন্ত্রণ জানান। পরে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে গাড়িটিতে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গেছে, ১৯৩৫ সালে টয়োডা পরিবার প্রথম গাড়ির প্রোটোটাইপ ‘টয়োডা মডেল এ১’ তৈরি করে।
এরই ধারাবাহিকতায় ১৯৩৬ সালে তৈরি হয় ‘টয়োডা মডেল এএ’, যা টয়োটার প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি হিসেবে স্বীকৃত। বর্তমানে গাড়িটির একটি প্রতিরূপ জাপানের টয়োটা সংগ্রহশালায় যত্নের সঙ্গে সংরক্ষিত রয়েছে।


















