জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ঢাকায় ফেরার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে সরকারপ্রধানের দেশের উদ্দেশে যাত্রা বিলম্বিত হচ্ছে। জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্ব হওয়ার কথা ঘোষণা করেন। এ সময় তিনি যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেন। গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপানে পাড়ি জমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া সরকারপ্রধান জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ ছাড়া জাপান সফরকালে প্রধানমন্ত্রী দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন। সফর শেষে জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

















