ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে শেনজেন ভিসা সংক্রান্ত কোনো নির্দেশনা বা সহায়তা দেওয়ার এখতিয়ারও আর দূতাবাসটির নেই বলে জানানো হয়েছে। সোমবার (২ নভেম্বর) দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র (ইনভাইটেশন লেটার), আপিল, নির্দিষ্ট কোনো আবেদন সংক্রান্ত বিষয় কিংবা এ সম্পর্কিত অন্য যেকোনো প্রশ্নের জন্য সেবাগ্রহীতাদের সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পেতে প্রাসঙ্গিক ওয়েবসাইটের লিংকও সরবরাহ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বিশেষভাবে উল্লেখ করা হয়, শেনজেন ভিসা বিষয়ে কোনো ধরনের নির্দেশনা, তথ্য বা সহায়তা প্রদানের অনুমোদন বর্তমানে দূতাবাসের হাতে নেই।

এই পরিস্থিতিতে ভিসা আবেদনকারী এবং তাদের স্পনসরদের দূতাবাসের বদলে শেনজেন ভিসা সংক্রান্ত যাবতীয় প্রশ্ন ও যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, শেনজেন ভিসা হলো ইউরোপের ২৯টি দেশে প্রবেশের জন্য একটি স্বল্পমেয়াদি অনুমতিপত্র। এই ভিসা ব্যবহার করে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত শেনজেন চুক্তিভুক্ত দেশগুলোতে অবাধে ভ্রমণ করা যায়।