বিশ্বজুড়ে জাঁকজমকভাবে উদযাপিত হলো হ্যালোইন উৎসব। এই উৎসবের আনন্দে মেতে উঠেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সেই ছোঁয়া লেগেছে জনপ্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাসের মাঝেও। প্রায়ই নজরকাড়া লুকে ভক্তদের সামনে হাজির হন এই চিত্রনায়িকা।
এবার হ্যালোইন আবহে তিনি ধরা দিলেন একেবারে অচেনা ও রহস্যময় সাজে, যা মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে। প্রকাশিত ছবিগুলোতে অপু বিশ্বাসকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন ও গথিক ধাঁচের অবতারে। কুচকুচে কালো লেসের স্লিট গাউনে ঝুলন্ত ল্যাম্পের নিচে সোফায় মোহময়ী ভঙ্গিতে শুয়ে আছেন তিনি। আরেকটি ছবিতে প্রাচীন ধাঁচের লণ্ঠন হাতে রহস্যঘেরা দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। তার এই পুরো মেকওভারে গাঢ় লাল লিপস্টিক, গাঢ় মেকআপ ও ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল তাকে দিয়েছে অনন্য রূপ।
চোখের কনটাক্ট লেন্সও এতে যোগ করেছে বাড়তি আবেদন। সামাজিকমাধ্যমে এই ভিন্নধর্মী লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই ব্যাপক সাড়া পড়ে যায়। ভক্ত-অনুরাগীরা মন্তব্যঘরে প্রশংসায় ভাসিয়েছেন তাকে। ফ্যাশন স্টেটমেন্ট ও অনন্য সাজসজ্জায় বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন অপু বিশ্বাস। হ্যালোইনের এই অচেনা ও আকর্ষণীয় উপস্থিতির মাধ্যমে স্টাইল ও গ্ল্যামারে আবারও নিজের ব্যতিক্রমী অবস্থান প্রমাণ করলেন তিনি।



















