বিএনপির কিছু নেতাকর্মী টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিরে আসতে শুরু করেছেন। আপনারা দয়া করে চোখ-কান খোলা রাখবেন, কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। দুঃখজনকভাবে আমাদের দলেরই কিছু লোক টাকার বিনিময়ে তাদের আশ্রয় দিচ্ছেন। ইনশাআল্লাহ, সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

শনিবার ৩১ অক্টোবর রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভারতে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর আমাদের দলের ভেতরে থাকা কিছু লোভী মানুষ টাকার লোভে তাদের আশ্রয় দিচ্ছে। সাফ কথা হলো, বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু। দলের ভেতরের কেউ যদি এদের সহযোগিতা করেন, আমাদের জানাবেন, সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, শত্রুপক্ষের মিত্ররা কখনো আমাদের বন্ধু হতে পারে না। তাই সবাইকে খুব সাবধানে ও সতর্কভাবে কাজ করতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ গায়ের রং বদলাতে চাইলে দল তাদের কোনো ছাড় দেবে না।

মির্জা আব্বাস বলেন, এক শ্রেণির লোক নিজেদের সাংগঠনিক শক্তি না থাকায় আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কোনো বাধা নেই, আপনারা নিয়ম মেনে রাজনীতি করুন। কিন্তু কেউ অপকর্ম করলে বিএনপির নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না, শক্ত হাতে তা প্রতিহত করবে। এ সময় দেশের কল্যাণে সব বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।