ফয়সাল আহমেদ জনি, সিংড়া
নাটোরের সিংড়া উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কুরবান আলী কাজল নির্বাচনী জনসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা থেকে তিনি ইউনিয়নের বড়িয়া বাজার, চৌগ্রাম বাজার, টাওয়ার বাজার ও স্থাপনদিঘী বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেন। পরে আদর্শ গ্রাম হুলহুলিয়ায় সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন তিনি।
কুরবান আলী কাজল সিংড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। মতবিনিময়কালে তিনি বলেন, আমি নির্বাচিত হয়ে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারলে ইউনিয়নকে মাদকমুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। মানুষের যেকোনো বিপদে-আপদে পাশে থাকব। ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান এবং মানুষের নিরাপদ বসবাস নিশ্চিত করতে কাজ করব।
তিনি আরও বলেন, ইউনিয়নের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও কর্মমুখী উদ্যোগ গ্রহণের চেষ্টা করবেন। যাতে বেকার তরুণ-তরুণীরা দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।
এ সময় তিনি এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি চৌগ্রাম ইউনিয়নের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি তাঁর নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তুলে ধরেন।















