খুলনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় ওই পথচারীকে বাঁচাতে গিয়ে লংমার্চফেরত নেতাকর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা জামায়াত-শিবিরের অন্তত ২০ জন কর্মী আহত হয়েছেন।
শনিবার ৩১ অক্টোবর রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আব্দুল খালেক, বয়স ৭০ বছর। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক ঘটনাস্থলেই নিহত হন। একই সময় খুলনা থেকে লংমার্চ শেষে ফেরার পথে জামায়াতের কর্মীদের বহনকারী অপর একটি বাস ওই বৃদ্ধকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল ও পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন। সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বলেন, মির্জাপুর এলাকায় ওই বৃদ্ধকে বাঁচাতে গিয়েই বাসটি খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা সবাই সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

















