মেয়েদের উচ্চশিক্ষাকে আরও সহজলভ্য করতে ইন্টারমিডিয়েট পর্যায় ছাড়িয়ে অনার্স বা স্নাতক স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। বুধবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছিল, যা নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় এবার আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করার লক্ষ্য নির্ধারণ করেছি। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান বিএনপি সরকার কেবল নারী শিক্ষার প্রসারে নয়, বরং নারীদের সামগ্রিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। এই উদ্দেশ্য বাস্তবায়নে সরকার ইতিমধ্যে 'ফ্যামিলি কার্ড' চালু করেছে এবং এই প্রক্রিয়াকে আরও বেগবান করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংসদ অধিবেশনে উপস্থিত নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আজ সংসদের গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত থেকে সরাসরি অধিবেশন দেখছেন। আমরা শুধু অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করতে চাই না, বরং যারা মেধার স্বাক্ষর রেখে ভালো ফলাফল করবে, তাদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও করতে চাই।

অন্যদিকে, মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষা নিয়ে সরকারের নতুন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস এবং স্কুল ব্যাগ প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি সংসদের সদস্যদের আশ্বস্ত করে বলেন, পর্যায়ক্রমে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। বর্তমানে এসব বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। সরকার পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীর কাছে এই সহায়তা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে।