শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল:
যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ২৪ লাখ টাকার বেশি মূল্যের একটি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের আফিল জুট মিলের সামনে থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১১৬.৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনের পাকা রাস্তায় অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজন জালাল উদ্দিন শেখকে আটক করে তল্লাশি করা হলে তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারটি পাওয়া যায়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের বারটি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
আটক জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত কাসেম আলী শেখ।
বিজিবি জানায়, জব্দ করা স্বর্ণের বারের মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা। এ ছাড়া মোবাইল ফোনের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ ৩ হাজার ২৪০ টাকাসহ জব্দ করা মালামালের সর্বমোট মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচারকারীদের আটক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারীকে আটক করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রেরক- শাহাবুদ্দিন আহামেদ















