জামালপুর রেলওয়ে স্টেশনে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন সদ্য নিয়োগ পাওয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) হাদিদ হাসান হিমেল। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে স্টেশনে ট্রেন থেকে নামার সময় ৪-৫ জন তরুণ তাঁর স্ত্রীকে উদ্দেশ করে কটূক্তি করেন। প্রতিবাদ করলে তাঁরা হিমেলের ওপর চড়াও হয়ে মারধর করেন। এ ঘটনায় আমানুল্লাহ আকাশ (২৫) নামে একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, হাদিদ হাসান হিমেল স্ত্রী-সন্তান এবং শ্বশুর-শাশুড়িকে নিয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে দেওয়ানগঞ্জ বাজার থেকে জামালপুর স্টেশনে আসেন। স্টেশনে ট্রেন থেকে নামার সময় কয়েকজন তরুণ তাঁর স্ত্রীকে লক্ষ্য করে বাজে মন্তব্য করেন। এর প্রতিবাদ জানালে আটক আকাশসহ ৪-৫ জন তরুণ তাঁকে মারধর করেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আমানুল্লাহ আকাশকে আটক করে। তাঁর বাড়ি জামালপুর শহরের বন্দেরবাড়ি এলাকায়। আহত হিমেলকে চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হিমেল বলেন, ‘বউ-বাচ্চাসহ শ্বশুর-শাশুড়িকে নিয়ে দেওয়ানগঞ্জ থেকে এসে জামালপুর স্টেশনে নামার সময় আমার স্ত্রীকে উদ্দেশ করে বাজে কথা বললে আমি প্রতিবাদ করি। তখন তারা আমাকে মারধর করে। রেলওয়ে পুলিশের সহযোগিতায় একজনকে আটক করা হয়েছে। অন্য দুজনের নাম-পরিচয় এখনো জানি না।’ তিনি আরও বলেন, ‘আমার ডান হাতের কনিষ্ঠ আঙুলের কবজির অংশে ভেঙে গেছে।’
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘আকাশ নামে একজন আটক আছে। আহত হিমেল চিকিৎসা নিয়ে ফিরে লিখিত অভিযোগ জমা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ হাদিদ হাসান হিমেল বর্তমানে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন। আগামী ১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর যোগদানের কথা রয়েছে।

















