গুরুতর স্বাস্থ্যগত সমস্যার কারণে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একইসাথে স্পিকারের শূন্য হওয়া দায়িত্ব পালনের জন্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মনোনীত হয়েছেন। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন এবং স্পিকারের দায়িত্ব পালনে ব্যারিস্টার কায়সার কামালের নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি। যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই প্রয়োজনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য শপথ নিয়েছিলাম। একইভাবে ডেপুটি স্পিকার যখন শপথ নেন, তখন তাঁর শপথের অংশ হিসেবে উল্লেখ থাকে যে—কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে তিনি সেই দায়িত্ব পালন করবেন।’
তিনি আরও জানান, রাষ্ট্রপতি পদত্যাগ নিয়ে বিভিন্ন আলোচনা শোনা যাচ্ছিল এবং দুপুরে এসে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, ‘তিনি গুরুতর শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন। আমি তাঁর দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করি। আমার মনে হয়, তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন তথাকথিত মাফিয়া সরকারের সময়ে নির্বাচিত হলেও, বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সবসময় পূর্ণ সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। আমি তাঁর সার্বিক সুস্থতা ও কল্যাণ কামনা করছি।’











