ফরিদপুরের ভাঙ্গায় কোচিং সেন্টারে ছাত্রীকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার অভিযোগে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক নজরুল ইসলামকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গত ২৯ অক্টোবর বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করে।
রোববার (১ নভেম্বর) শিক্ষক ও ছাত্রীর আপত্তিকর আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রীর সঙ্গে অশালীন ও অশোভন আচরণের অভিযোগ ওঠার পর গত ১৯ অক্টোবর নজরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় ২৯ অক্টোবর তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। অর্থাৎ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার আগেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, নজরুল ইসলাম বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ভাঙ্গা পৌর শহরের কোর্টপাড়া এলাকায় একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন। সেখানে ভাঙ্গা পাইলট স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়াশোনা করত। ওই কোচিং সেন্টারেই বিদ্যালয়ের দশম শ্রেণির ১৫ বছর বয়সী এক ছাত্রীকে পড়াতেন তিনি। বেশ কিছুদিন আগে কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কোচিং সেন্টারের একটি ফাঁকা কক্ষে হোয়াইট বোর্ডের সামনে ওই শিক্ষক ছাত্রীকে জাপটে ধরে চুমু দিচ্ছেন।
এ বিষয়ে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন জানান, অভিযুক্ত খণ্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদনে সত্যতা প্রতীয়মান হওয়ায় তাকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে। ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোক্তার হোসেন জানান, প্রধান শিক্ষকের কাছে ঘটনাটি শুনেছি। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
এদিকে অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামের মুঠোফোন নম্বর বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। একজন শিক্ষক হিসেবে এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয়।




















