জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা নাশকতার মামলায় উপজেলা কৃষক লীগ নেত্রী পুতুল রাণীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের কিংজাল্লা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার পুতুল রাণী ইসলামপুর উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনটির নেত্রী। তার বাবার নাম মৃত সাদাফল। তিনি ইসলামপুর পৌর শহরের ইসলামপুর বাজারীপাড়া (কিংজাল্লা) এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে ফজলু মিয়া বাদী হয়ে দায়ের করা ১৩ নম্বর মামলার আসামি তিনি। ওই মামলায় সম্পৃক্ততার অভিযোগে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে ফজলু মিয়ার দায়ের করা ১৩ নম্বর মামলার আসামি পুতুল রাণীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে নিয়মানুযায়ী আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।