শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল
যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, মাসিলা ও হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ১০৯ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, ১৪০টি শাড়ি, ৮৯টি কম্বল, ৭০টি চাদর, ৪৫টি জিন্স প্যান্ট, আধা কেজি জিরা, ২৮ প্যাকেট ফুসকা, ৫ কেজি কিসমিস, ৪৩ প্যাকেট কীটনাশক, ১৩৫টি চকলেট এবং ১ হাজার ১১৬টি কসমেটিকস সামগ্রী আটক করে।
জব্দ করা এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















