ভোলার লালমোহন উপজেলার পেয়ারী মোহন এলাকায় নিজ বসতঘর থেকে মো. মাহে আলম (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পেয়ারী মোহন এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। মৃত মাহে আলম ওই গ্রামেরই মৃত আজাহার সইয়ালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ গাজী বায়তুল জামে মসজিদের চিল্লার মুসল্লি এবং এলাকার অন্যান্য মুসল্লিরা প্রতিদিনের মতো ফজরের নামাজের জন্য বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিচ্ছিলেন। ওই সময় তারা মাহে আলমের বাড়িতে যান। সেখানে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে এবং দরজা খোলা থাকায় ভেতরে উঁকি দিয়ে তারা তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। এরপর দ্রুত বিষয়টি স্থানীয়দের জানানো হয়।
স্বজন ও প্রতিবেশীরা জানান, মাহে আলমের স্ত্রী রহিমা বেগম (৩৫) তার তিন সন্তানকে নিয়ে পারিবারিক প্রয়োজনে প্রায় ১৫ দিন আগে তজুমদ্দিন থানার শিবপুর খাসের হাট এলাকায় তার বাবার বাড়িতে যান। সেই সময় থেকে মাহে আলম নিজ বাড়িতে একাই অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
পরিবার সূত্রে আরও জানা গেছে, মাহে আলম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তিনি ঢাকার একটি প্রাইভেট ড্রাইভিংয়ের চাকরি ছেড়ে দিয়ে বর্তমানে বাড়িতেই অবস্থান করছিলেন। এর আগে তিনি দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলেও স্বজনদের কাছ থেকে জানা গেছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে লালমোহন থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ আইনি প্রক্রিয়া শেষ হলে জানা যাবে।















