আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং প্রফেশনাল ফুটবল লিগ কিংবদন্তি লিওনেল মেসির বাবা হোর্হে হোরাসিও মেসির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে। দীর্ঘদিনের অসুস্থতার পর শনিবার ভোরে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওলে নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী, তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানাতে চলতি সপ্তাহের দেশের সব স্তরের ও বিভাগের প্রতিটি ফুটবল ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি মাঠের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং রেফারিরা শোকের চিহ্ন হিসেবে কালো আর্মব্যান্ড পরিধান করবেন।

শোকাবহ এই মুহূর্তে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তরসহ সংস্থার আওতাধীন সকল স্থাপনায় আগামী শুক্রবার পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এএফএ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, “গভীর শোকের সঙ্গে আমরা হোর্হে মেসির এই অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করছি। তার স্মৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে দেশের সব স্তরের ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং খেলোয়াড়, রেফারি ও কোচিং স্টাফরা কালো আর্মব্যান্ড পরবেন।” বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শোক প্রকাশের অংশ হিসেবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সব স্থাপনায় আগামী শুক্রবার, ১৪ আগস্ট পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হবে।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেন, “হোর্হে সবসময় সঠিক কাজটিই করেছেন। যখনই প্রয়োজন ছিল, তিনি পাশে থেকেছেন, সমর্থন দিয়েছেন এবং কঠিন সময়ে তিনি হয়ে উঠেছিলেন এক অটল ভরসা।”

অন্যদিকে, মাতিয়াস মেসির সভাপতিত্বাধীন ক্লাব লিওনেস এফসি প্রথম বিভাগ লিগের ২৩তম রাউন্ডে মুনিজের বিপক্ষে তাদের নির্ধারিত ম্যাচটি স্থগিত করার ঘোষণা দিয়েছে। ফুটবল বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বের এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো আর্জেন্টিনায়। (সূত্র: গোল)