বিশ্বকাপ জয়ের গৌরব এখন আর শুধু সোনালি ট্রফি কিংবা পদক পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না। এই ঐতিহ্যের সাথে যুক্ত হতে যাচ্ছে এক অনন্য সম্মাননা। ২০২৬ সালের বিশ্বকাপ থেকেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য বিশেষ 'চ্যাম্পিয়নশিপ রিং' প্রবর্তনের ঘোষণা দিয়েছে ফিফা।

ফিফার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এই বিশেষ উদ্যোগের আওতায় মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি রিং সংরক্ষিত থাকবে চ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য এবং বাকি ১ হাজার ৯৯৬টি রিং সমর্থকদের জন্য বাজারে উন্মুক্ত করা হবে। নিয়ম অনুযায়ী, ফাইনাল ম্যাচের সমাপ্তির পর মাঠেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে সাময়িকভাবে রিং পরিয়ে দেওয়া হবে। পরবর্তীতে দলের সদস্যদের আঙুলের মাপ অনুযায়ী প্রতিটি রিং কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।

প্রতিটি চ্যাম্পিয়নশিপ রিংয়ে থাকবে বিশ্বকাপ ট্রফির নিখুঁত নকশা, বিজয়ী দলের পরিচয় এবং একটি স্বতন্ত্র সিরিয়াল নম্বর। সাথে থাকবে একটি অথেনটিসিটি সার্টিফিকেট বা সত্যতা যাচাইয়ের সনদ। উল্লেখ্য, আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে।