ঘরেই ফিরলেন ঘরের ছেলে। বার্সেলোনায় একটি মৌসুম কাটানোর পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন মার্কাস রাশফোর্ড। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই ইংলিশ ফরোয়ার্ড বিষয়টি নিশ্চিত করেছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে রাশফোর্ড লেখেন, ‘আমার সময়টাকে অত্যন্ত ইতিবাচক এবং স্মরণীয় করে তোলার জন্য ক্লাবের সবাইকে ধন্যবাদ। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং অনেক সুন্দর স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি।’

রাশফোর্ডের এই আবেগঘন বার্তার পাল্টা জবাব দিয়েছে বার্সেলোনা। ক্লাবের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, রাশি। তুমি সব সময় আমাদেরই একজন হয়ে থাকবে।’ ২০২৫-২৬ মৌসুমে বার্সার জার্সিতে ৪৯টি ম্যাচ খেলেছেন রাশফোর্ড। সেখানে তিনি ১৪টি গোলের পাশাপাশি সমসংখ্যক অ্যাসিস্ট করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রাশফোর্ডের বর্তমান চুক্তির মেয়াদ এখনো দুই বছর বাকি রয়েছে। খুব শিগগিরই ওল্ড ট্রাফোর্ডে তার যোগ দেওয়ার কথা রয়েছে।