প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে ঢাকা-১৫ নির্বাচনি এলাকার সামগ্রিক উন্নয়ন এবং বিদ্যমান নাগরিক সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সংসদ ভবনে তার কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) আয়োজিত এই উচ্চপর্যায়ের সভায় এলাকার রাস্তাঘাট, ড্রেন ও ফুটপাতের সংস্কার এবং পুনর্নির্মাণের পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ এবং সুপেয় পানি সরবরাহের মতো মৌলিক নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত হওয়া হয় এবং দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়া সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক এবং ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ উপস্থিত ছিলেন। পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলী মুহাম্মদ আসাদুজ্জামান সভায় অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (মিরপুর সার্কেল) মোস্তাক সরকার, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম এবং ডেসকোর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার রাশিদুর রহমান।











