‎জাকির ফরাজী

‎পিরোজপুর শহরের গুরুত্বপূর্ণ সিগনেচার সড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে পৌর প্রশাসক, পৌর নির্বাহী প্রকৌশলী, শিক্ষা নির্বাহী প্রকৌশলী, নাগরিক সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সড়কটি পরিদর্শন করেন।

‎পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু সাঈদ চলমান উন্নয়নকাজের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে দেখেন। এ সময় তিনি বলেন, পিরোজপুরে চলমান সব উন্নয়ন প্রকল্পের কাজের গুণগতমান নিশ্চিত করতে হবে। পাশাপাশি উন্নয়নকাজ হতে হবে দীর্ঘস্থায়ী ও টেকসই।

‎সিগনেচার সড়কের প্রস্থ নিয়ে বিশেষ গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, কোনোভাবেই সড়ক সরু করা যাবে না। বরং বিদ্যমান সুযোগ কাজে লাগিয়ে সড়কটি আরও প্রশস্ত করার উদ্যোগ নিতে হবে।

‎এ সময় সড়কের পাশে থাকা পুরোনো দেয়ালগুলো ভেঙে সড়ক প্রশস্ত করার জন্য পৌর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। একই সঙ্গে উন্নয়নকাজে পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‎পরিদর্শনকালে পৌর প্রশাসক মোঃ মাহামুদুর রহমান মামুন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুবচন্দ্রলাল বনিক, পিরোজপুর সদর থানা বিএনপির নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, পজেটিভ পিরোজপুরের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নাঈম তালুকদার, ঠিকাদার ডলার শহিদ, কামাল মাস্টারসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, পৌর কর্তৃপক্ষ, নাগরিক সমাজের প্রতিনিধি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।