টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি জসিম উদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এলাকায় এ অভিযান পরিচালনা করে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার জসিম উদ্দিন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি এলাকার বাসিন্দা। তিনি নজু মিয়া ও ফাতেমা বেগমের ছেলে।
তার বিরুদ্ধে উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫)-এর ৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















