ম্যাচ শুরুর মাত্র ১৯ সেকেন্ডের মাথায় গোল হজম করে বড়সড় ধাক্কা খেয়েছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। তবে সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কোপা সুদামেরিকানার প্লে-অফের দ্বিতীয় লেগে ভেনিজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে পরাজিত করেছে তারা। দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে জয়ী হয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করল সান্তোস। শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে ইকুয়েডরের ক্লাব মাকারা।

ভিলা বেলমিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতেই রক্ষণভাগের মারাত্মক ভুলে বিপদে পড়ে স্বাগতিক সান্তোস। ডিফেন্ডার অ্যাডোনিস ফ্রিয়াসের ভুল ব্যাকপাস দ্রুত লুফে নেন সামুয়েল সোসা, এরপর গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে পরাস্ত করে সফরকারী দলকে দ্রুত এগিয়ে দেন তিনি। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। বলিভিয়ান মিডফিল্ডার মিগুয়েলিতো তার একক নৈপুণ্যে দুর্দান্ত এক গোল করে ১-১ সমতা ফিরিয়ে আনেন।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় সান্তোস। গ্যাব্রিয়েল বনতেম্পোর নিখুঁত পাস থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন গ্যাব্রিয়েল বারবোসা। এরপর ৬৫তম মিনিটে বারবোসার একটি জোরালো শট ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করে ব্যবধান ৩-১ করেন গ্যাব্রিয়েল মেনিনো। ৭২তম মিনিটে গঞ্জালো মোতেস ইউনিভার্সিদাদ সেন্ট্রালের হয়ে একটি গোল শোধ করে ব্যবধান ৩-২ করলেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি তারা। ম্যাচের শেষ মুহূর্তে আবারও বনতেম্পোর পাস থেকে রনি গোল করলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় সান্তোসের।

দলের সবচেয়ে বড় তারকা নেইমার শুরু থেকে একাদশে ছিলেন না। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেও গোল বা অ্যাসিস্ট কোনোটিই করতে পারেননি তিনি। তবে তার অনুপস্থিতিতেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে শেষ পর্যন্ত স্বস্তিদায়ক জয় তুলে নিতে সক্ষম হয়েছে সান্তোস।