বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা বেগমের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। পরিবারের সদস্যদের জীবনধারণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে তাদের একটি গাভী প্রদান করা হয়েছে। আজ বুধবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান নিহত ফিরোজার স্বজনদের হাতে আনুষ্ঠানিকভাবে গাভীটি তুলে দেন।

এই উদ্যোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক সহায়তার অংশ হিসেবে নিহতের পরিবারের জন্য একটি স্থায়ী আয়ের উৎস তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

গাভী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুর রহমান চৌধুরী। এছাড়া শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, সাধারণ সম্পাদক পবন রায়সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা এই উপস্থিত ছিলেন।