মোঃ সোহরাব আলী তেতুলিয়া

উত্তপ্ত রোদের তীব্রতা, অথচ দিগন্তজুড়ে বরফে মোড়ানো পাহাড়ের অপূর্ব হাতছানি! প্রকৃতির এই বৈপরীত্যই যেন নতুন করে মুগ্ধতা ছড়িয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। আবারও দেখা মিলেছে হিমালয়ের তুষারশুভ্র পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর জেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখেই দেখা গেছে পর্বতশৃঙ্গটির মনোমুগ্ধকর দৃশ্য। তীব্র রোদের দুপুরেও দিগন্তে স্পষ্ট হয়ে ওঠা পাহাড়ের সারি মুগ্ধ করেছে প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীদের।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) সকাল ও বিকেলেও দেখা মিলেছিল কাঞ্চনজঙ্ঘার। তবে এবারের দৃশ্য যেন নতুন করে আবিষ্ট করেছে প্রকৃতিপ্রেমীদের।

দূরের আকাশে শুভ্র পাহাড়ের সারি, সূর্যের আলোয় বদলে যাওয়া শৃঙ্গের রং আর বিস্তীর্ণ দিগন্তের মেলবন্ধনে তৈরি হয়েছে এক অন্য রকম আবহ। যেন বাস্তবের বুকেই ফুটে উঠেছে কোনো শিল্পীর আঁকা স্বপ্নের ছবি।