মো: আল-মাহফুজ শাওন

খুলনা নগরীতে এক সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে নাসিম ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে।

আহত সালমানের (২৩) বাড়ি নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের সবুজবাগ এলাকায়। তাঁর বাবার নাম জাহাঙ্গীর। তিনি ক্যামেল সিগারেট কোম্পানিতে পিয়ন হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পেটের ডান পাশে গুলি লাগে। এরপর তাঁর কাছে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

পরে সহকর্মীরা আহত সালমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, গুলি করার কারণ এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।